ভাড়ায় নিয়ে লেগুনা ছিনতাই, চালককে গলাকেটে হত্যা

 

নিখোঁজের দুইদিন পর নাজমুল (২১) নামে এক লেগুনা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হাটহাজারী থানাধীন অনন্যা আবাসিক এলাকার পেছনে চন্দ্রবিল থেকে তার মরদেহ উদ্ধার করে।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামএ ঘটনায় রাজু (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে তিনি জানান।

মরদেহ উদ্ধার হওয়া লেগুনা চালক নাজমুল গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকার মজনু শেখের ছেলে। গত পরশু রাতে পাহাড়তলী এলাকা থেকে ভাড়া নিয়ে মদুনাঘাট এলাকায় যাওয়ার পর থেকে নাজমুল নিখোঁজ ছিল। এ ঘটনায় সোমবার সকালে তার বাবা মজনু শেখ পাহাড়তলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, জিডিতে নাজমুলের বাবা মজনু শেখ উল্লেখ করেন, রবিবার (০৮ নভেম্বর) রাতে নাজমুল ভাড়া নিয়ে মদুনাঘাট এলাকায় যান। সেখানে পৌঁছার পর তাদের সঙ্গে নাজমুলের কথা হয়। কিন্তু রাত ২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তখন থেকেই নাজমুল নিখোঁজ রয়েছেন।’

শনিবার নাজমুল একটি ভাড়া নিয়ে মদুনাঘাট এলাকায় গিয়েছিল বলে জানিয়েছিল তার পরিবার। তখন থেকে নাজমুলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি হয়। আজকে অনন্যা আবাসিকের পেছন থেকে তার মরদেহ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। 

লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাজুকে আটক করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজমুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নাজমুলকে হত্যা করা হয়। তার শরীরে বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ‘ইমন নামে এক যুবকের বোনের বিয়ের কথা বলে রাজু সাগরিকা এলাকা থেকে নাজমুলের লেগুনা ভাড়া করেন। ভাড়া নিয়ে মদুনাঘাট যাওয়ার পর লেগুনাটি ছিনতাই করে তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তারা নাজমুলকে গলাকেটে হত্যা করে। পরে মরদেহ চন্দ্রবিল এলাকায় ফেলে আসে।’

আটক রাজু র‌্যাব হেফাজতে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’