চাঁদাবাজির একটি মামলা থেকে খালাস পেয়েছেন সেই নূর হোসেন

নূর হোসেন (ফাইল ছবি)

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন ও তার ৫ সহযোগীকে এক ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। একই আদালতে নূর হোসেনের বিরুদ্ধে আরও ৬টি মামলার শুনানি হয়েছে।

এ মামলায় নূর হোসেনের সঙ্গে খালাসপ্রাপ্তরা হলেন- নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল, নূর হোসেনের সহযোগী শাহজাহান, মর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ ও বুলবুল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) জাসমীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ীর কাছে নূর হোসেন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে নূর হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় নূর হোসেনসহ তার ৫ সহযোগীকে আদালত খালাস প্রদান করেছে।

তিনি আরও বলেন, রায় ঘোষণার পর আদালতে নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আরও ৬টি মামলায় শুনানি হয়েছে। এরমধ্যে একটি চাঁদাবাজি ও একটি অস্ত্র আইনের মামলায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। আদালত ৬টি মামলার পরবর্তী শুনানির জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন।