ভাসানচরের পথে রোহিঙ্গাবাহী নৌবাহিনীর ৪ জাহাজ

রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর চারটি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেপ্রথম দফায় এক হাজার ৬৪২ জনের পর এবার দ্বিতীয় দফায় আরও এক হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হচ্ছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাদের নিয়ে নৌবাহিনীর চারটি জাহাজ ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে নোয়াখালী জেলার ওই দ্বীপে তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পুনর্বাসন করা হচ্ছে। এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম দফায় তাদের ভাসানচরে পাঠানো হয়। তারও আগে মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্র উপকূলে আটক আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় ভাসানচরে নিয়ে যাওয়া এই রোহিঙ্গাদের ৩০টি বাসে চট্টগ্রাম নিয়ে আসা হয়। সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এসব বাসে তাদের চট্টগ্রাম নগরীতে আনা হয়। রাত ৮টার দিকে বাসগুলো বন্দর থানাধীন বিএএফ শাহীন কলেজ মাঠে প্রবেশ করে। সেখানে রাতযাপনের পর মঙ্গলবার সকালে নগরীর বোট ক্লাব এলাকা থেকে নৌবাহিনীর চারটি জাহাজে ভাসানচরের উদ্দেশে নিয়ে যাওয়া হয় তাদের। সকাল ৯টার দিকে প্রথম দুটি জাহাজ ছেড়ে যাওয়ার পর সাড়ে ৯টার দিকে অপর দুটি জাহাজ ছেড়ে যায়।