ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেড় ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে কয়েকশ’ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই নৌরুটে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত ফেরি পারাপারের জন্য যানবাহনের দীর্ঘ লাইন।
ঢাকাগামী এক নারী বলেন, ঢাকায় যাওয়ার জন্য সকালে কালুখালী থেকে দৌলতদিয়া ঘাটে এসেছি। প্রথমে যানজট পরে ফেরি চলাচল বন্ধ থাকায় গাড়িতে বসে আছি। কতক্ষণ পর ঘাট পার হতে পারবো জানি না।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় দেড় ঘণ্টা পর পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি সচল রয়েছে।