নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন হয়েছে গত ২৬ ডিসেম্বর। এর ৯ দিন পর তিন ব্যাগ সিলযুক্ত ব্যালট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর এলাকার নদী ও পুকুর থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় মাহিদুল ইসলাম মানিক বলেন, সকালে কয়েকজন শিশু রাস্তার পাশে খেলছিল। এ সময় পার্শ্ববর্তী একটি পুকুরে এক ব্যাগ এবং গুপিয়া-মহিষমারী-বিলদহর মধ্যবর্তী মরা নদী থেকে দুই ব্যাগ ব্যালট দেখতে পায়। ব্যাগসহ ব্যালটগুলো তুলে আনে। এরপর শুকনো ব্যালট পেপার জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। বিষয়টি নজরে এলে স্থানীয়রা ব্যালটগুলো নিয়ে পুলিশে খবর দেয়। এসব ব্যালটে বিভিন্ন প্রতীকে সিল মরা রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, সিল মারা ব্যালটগুলো উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ব্যবস্থা নেবেন নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, উদ্ধারকৃত ব্যালট পেপারগুলো থানায় নিয়েছে পুলিশ। রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে ব্যালট পেপারগুলো পরীক্ষা করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।