হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ এম এল বি মেজবাহ উদ্দিন আহমেদের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে তিনি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, তারা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার স্থায়ী জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিও নেন তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত শতাধিক আহত হন।
এ ঘটনায় পুলিশ দুই হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় বিএনপি নেতাকর্মীরা ২৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন।