পাঁচ বছর পর কুমিল্লা শহরতলীর আলেখারচর ও পাশের সাহেবনগর এলাকার দুই হাজার পরিবারের চুলায় গ্যাসের চাপ স্বাভাবিক হয়েছে। তাই পরিবারগুলোতে নেমে এসেছে স্বস্তি। ঘরে ঘরে বিরাজ করছে খুশির আমেজ।
বাখরাবাদ গ্যাসের একটি প্রতিনিধি দল শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত গ্যাসের পাইপ লাইনে কাজ করে। এতে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। রমজানে প্রয়োজনীয় গ্যাস পাওয়ায় এলাকার মানুষের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। তারা মসজিদে দোয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করেন।
স্থানীয় আলেখারচর এলাকার ব্যবসায়ী জহিরুল ইসলাম মোহন বলেন, ‘পাঁচ-ছয় বছর ধরে আলেখারচর এলাকায় কয়েক হাজার গ্রাহক তাদের আবাসিক গ্যাস সংযোগে নিম্নচাপজনিত সমস্যা ভোগ করছিলেন। সকালে ভাত রান্না শুরু করলে দুপুর হয়ে যেত। গ্যাস ঠিকমতো না পেলেও বিল দিতে হতো। আমরা গ্রাহকদের সই নিয়ে বাখরাবাদে আবেদন করি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয় সুপারিশ করেন।’
বাখরাবাদ গ্যাস কোম্পানির কারিগরি কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় জানিয়েছেন, গ্রাহকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে নকশা ও ওয়ার্ক অর্ডার অনুমোদন করে ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্ট। এরপর ওই ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ কাজে বাখরাবাদ কাজ করে যাচ্ছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে গ্রাহকদের বিরত থাকতে হবে এবং নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হবে।