ম্যাজিস্ট্রেটকে বাধা প্রিসাইডিং অফিসারের

কুমিল্লায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কয়েকজন ভোটার কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে অভিযোগ করেন কেন্দ্রে ব্যবহৃত ইভিএমে শুধু একটি প্রতীক দেখা গেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে ইভিএম দেখতে যেতে চান ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। কিন্তু তাকে গোপন কক্ষে যেতে বাধা দেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজমুল আমিন।

বুধবার (১৫ জুন) দুপুরে নেউরা এমআই হাইস্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রিসাইডিং অফিসারের বক্তব্য, ‘যখন ম্যাজিস্ট্রেট ভোটকেন্দ্রের গোপন কক্ষে ঢুকতে চান। কিন্তু এটি নিয়ম বহিঃ ভুত। তাই তাকে গোপন কক্ষে যেতে বাধা দিয়েছি। টেকনিক্যাল দল এসে মেশিনগুলো পরীক্ষা করে কোনও সমস্যা পায়নি।’

পরে তিনি আবার উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটা ভুল বোঝাবুঝি। তেমন কোনও বিষয় নয়।’

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘নেউরা এমআই হাইস্কুল ভোটকেন্দ্র পরিদর্শনকালে ভোটাররা আমাকে অভিযোগ দিলে ভোটারদের অভিযোগ যাচাই করতেই আসি। কিন্তু ইভিএম দেখতে চাইলে প্রিসাইডিং অফিসার আমাকে বাধা দেন। তিনি বলেছেন এটা নিয়ম বহির্ভূত।’

কেন্দ্র পরিদর্শন করে জানা গেছে, এই কেন্দ্রের তিনটি বুথের দুটিতে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর পোলিং এজেন্ট পাওয়া যায়নি। এখানে সকাল থেকেই পোলিং এজেন্ট ছিল না।