চট্টগ্রামে এক লাখ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি স্পিডবোট ও একটি লাইফ বোট জব্দ করেছে র্যাব-৭। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন সী-বিচ মেইন পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো– পতেঙ্গা থানাধীন দক্ষিণ পতেঙ্গা এলাকার সালেহ আহমদের ছেলে নিজাম উদ্দিন (৩০), আনোয়ারা থানাধীন খুদ্রগহিরা এলাকার আব্দুল মোতালেবের ছেলে আব্দুল মালেক (৫২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে হাসান মিয়া (২১), পতেঙ্গা থানাধীন বিমানবন্দর এলাকার ওবায়দুল হকের ছেলে ওমর ফারুক (৪০), আনোয়ারা থানাধীন গহিরা এলাকার নুর নবীর ছেলে ইমরান হোসেন (২০)।
র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্যের একটি বড় চালান নিয়ে স্পিডবোটে সাগরপথে পতেঙ্গা সী-বিচের দিকে আসছে– এমন তথ্যের ভিত্তিতে পতেঙ্গা সী-বিচ মেইন পয়েন্ট ঘাটে অভিযান চালানো হয়। অভিযানে একটি লাইফ বোট ও একটি স্পিডবোটে কয়েকজন লোক পালানোর সময় তাদের আটক করা হয়। এর মধ্যে স্পিডবোট থেকে দুজন এবং লাইফ বোট থেকে তিন জনসহ মোট পাঁচ জনকে আটক করা হয়। তাদের বহন করা স্পিডবোট ও লাইফ বোটটি জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ট্র্যাভেল ব্যাগ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে।