টাঙ্গাইলে মাদকসহ দুই কিশোরকে আটক করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার নিটোল সিএনজি পাম্পের সামনে থেকে ১১৯ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে র্যাব-১২।
রবিবার (৩০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের র্যাব-১২ সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আটক দুজন হলো– ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে মো. বায়েজিদ (১৬) এবং একই গ্রামের বাসিন্দা শাহিন ইসলামের ছেলে সবুজ ইসলাম (১৪)।
এরশাদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল বহনকারী দুই শিশুকে আটক করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্ধ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে তারা বিক্রি করে আসছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় দ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬ (১)-এর ১৪ (গ) ধারায় মামলা করা হয়েছে।