এক বাড়ির দেয়াল ধসে পাশের বাড়ির শিশুর মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ীতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত পৌনে ১টার দিকে উপজেলার জরুন এলাকার ফারুক আহমেদের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম মুশফিক (৪)। দেয়াল ধসে তার মা মুক্তা বেগম (৩৫) আহত হয়েছেন। বাকিরা হচ্ছেন জাহিদুল ইসলাম (২৮) ও হোসেন (৩০)। মুক্তা বেগম ও হোসেনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মুশফিকের বাবার নাম মোস্তাফিজুর রহমান। তাদের বাড়ি রাজশাহীর বাঘমারা উপজেলায় জানায় পুলিশ।  

ঘটনাস্থল দেখতে মানুষের ভিড়কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল জানান, কোনাবাড়ীর জরুন এলাকায় ফারুক আহমেদের পাঁচ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। মধ্য রাতে বৃষ্টির সময় ১৫ ফুট উঁচু দেয়াল পাশের বাচ্চু খানের টিনশেড বাড়ির ওপর ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ধসে পড়া দেয়ালরে নিচ থেকে চার জনকে জীবিত উদ্ধার করে। তাদের স্থানীয় পপুলার হাসপাতালে নেওয়ার পথে শিশু মুশফিক মারা যায়। এতে ওই বাড়ির ১৮টি কক্ষ ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
এ বিষয়ে কথা বলতে নির্মাণাধীন ভবনের মালিক ফারুক আহমেদকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।