পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। এজন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
জানা যায়, যানজট নিরসনে ঢাকামুখী যানবাহন বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে মহাসড়কের এলেঙ্গায় গিয়ে মিলিত হচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনগুলো দুই লেনের সড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে। ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৩ কিলোমিটার সড়কে অন্যান্য বছরের তুলনায় এখনও তেমনটা চাপ পড়েনি।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যা থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এখনও স্বাভাবিক গতিতেই চলছে গাড়ি।
অপরদিকে, গণপরিবহনের পাশাপাশি ঘরমুখো মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করেও গন্তব্যে যাচ্ছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে অনেক। তবে কোথাও যানজট নেই। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে। যানজট নিরসনে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।’