সুনামগঞ্জে দরিদ্র কৃষক রহমত আলীর ক্ষেতের ধান কেটে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমেদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী সদর উপজেলার গৌরারং ইউনিয়নের চানপুর গ্রামের খরচার হাওরে ওই কৃষকের ত্রিশ শতক জমির ধান কেটে দেন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমেদ বলেন, ‘যেকোনও প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা অসহায় মানুষের ধান কেটে দিচ্ছেন। আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করবে ছাত্রলীগ।’
সহ-সভাপতি কাউসার আহমেদ বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। এবার হাওরের বোরো ধান কেটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও ছাত্রলীগ মানুষের সেবার জন্য কাজ করবে।’
চাঁনপুর গ্রামের কৃষক আসমত আলী বলেন, ‘ছাত্রলীগের তরুণ নেতাকর্মীরা হাওরের তপ্ত রোদে ধান কেটে মানুষকে সাহায্য করছেন।’
ধান কাটায় অংশ নেন– জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী সাকিল, লায়েছ আহমেদ, সাংগঠনিক সম্পাদক অনীক দাস, উপ-দফতর সম্পাদক সাদেক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ টিপুসহ জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।