জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। ভিসানীতিতে যা বলা হয়েছে তা দেশ ও জনগণের পক্ষে যায়, বিপক্ষে নয়।’
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শহরের সার্কিট হাউজে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে জি এম কাদের আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। তারা প্রত্যাশা করে, বাংলাদেশে যেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। ভিসানীতিতে তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।’
আগামী নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনও কারও কাছ থেকে পাইনি। তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচন কীভাবে করবো সেটি দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।’
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রহুল আমীন হাওলাদার, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।