ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ ফাইভে মেয়েরা এগিয়ে

ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালের এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন শিক্ষার্থী। পাশের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ ও মেয়েদের পাশের হার ৮৬ দশমিক ৬৫ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৩৮ জন। এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১৩ হাজার ১১৭ জন। তাদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ৭ হাজার ১৫৩ জন। আর জিপিএ ফাইভ পাওয়া ছাত্রের সংখ্যা ৬ হাজার ২৪ জন। 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৩০৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ বোর্ডে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, মানবিক বিভাগে পাশের হার ৮৩ দশমিক ৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৮৮ দশমিক ৮৮ শতাংশ। এ বোর্ডের অধীনে জেলা ভিত্তিক পাশের হার ময়মনসিংহে ৮৫ দশমিক ৬০ শতাংশ, নেত্রকোনায় ৮৩ দশমিক ৮ শতাংশ, জামালপুরে ৮৬ দশমিক ৮৯ শতাংশ ও শেরপুরে ৮৬ দশমিক ৩৩ শতাংশ। জেলায় ৫৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

এসব তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জানান, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ফলাফল তুলে দেওয়ার পর তা প্রকাশ করা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বোর্ডের ওয়েবসাইড থেকেও ফলাফল পাওয়া যাবে।

এমন ফলাফলে খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা।