খুনিরা আগামীতে আরও ভয়ংকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে: শামীম ওসমান

১৯৭৫-এর ঘাতকদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। অতীতে ওই খুনিরা যে ধরনের ঘটনা ঘটিয়েছে, আগামী দু-তিন মাস তার চেয়েও ভয়ংকর ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানো এবং মৌলবাদ উত্থানের জন্য লন্ডনে বসে তারা পরিকল্পনা করছে।’

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবাইকে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগ করি কি করি না সেটি বড় ব্যাপার না। কোন দল করি সেটি বড় ব্যাপার না, এ দেশটা আমাদের সবার। দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু চলে গেছেন, দেশ পিছিয়ে গিয়েছিল। শেখ হাসিনা যদি চলে যান, দেশ আর সামনের দিকে এগোতে পারবে না কমপক্ষে আগামী ৫০ বছরের জন্য। তাই সবার কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনা আমাদের সম্পদ, দেশের সম্পদ। আমাদের সবার তার পেছনে দাঁড়ানো উচিত ও কর্তব্য।’

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এরা তো তারা, যারা বলেছে দেলাওয়ার হোসাইন সাইদীকে চাঁদে দেখা গেছে। এ কথা বলে ২১ জন মানুষকে হত্যা করা হয়েছে। যারা এ কথা বলে ইসলামকে ব্যবহার করে এই মানুষদের হত্যা করেছে। তাদের কাছে এর চেয়ে বেশি ভালো কিছু পাওয়ার আশা করি না– যারা একাত্তর সালে আমাদের মা-বোনের সম্ভ্রম নিয়েছে, যারা ১৯৭১ সালে আমাদের ৩০ লাখ মানুষের রক্ত নেওয়ার জন্য পাকবাহিনীকে সাহায্য করেছে। পৃথিবীর এমন কোনও দেশ নেই যে দেশে কোনও দল স্বাধীনতার বিরোধিতা করে আবার রাজনীতির সুযোগ পায়। আমাদের দেশই একটা অভাগা দেশ। যেখানে ওরা এখনও কথা বলে যাচ্ছে আর আমাদের তরুণ সমাজ চুপ করে তাদের কথা শোনে। আমি অবাক হয়ে যাই, আমার মনে হয় ৩০ লাখ শহীদের আত্মা এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রম আজ লজ্জিত হচ্ছে। সুতরাং ঘুমিয়ে থাকবেন না, উঠুন। জেগে উঠুন, দেশটাকে আপনাকে আমাকে বাঁচাতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নাসিক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলসহ আরও অনেকে।