অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার ওই বেকারির মালিক ইব্রাহিমের কাছ থেকে ওই জরিমানার টাকা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে। বুধবার জৈনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ‘বি-বাড়ীয়া দয়াল বেকারি’র মালিক ইব্রাহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।