হত্যাকাণ্ডের জের: যশোরে ৬ ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

যশোর শহরে একটি হত্যাকাণ্ডের জেরে অগ্নিসংযোগে ছয় বাসাবাড়ি পুড়ে গেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শহরের বারান্দীপাড়া মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত সাত থেকে আট জনের একদল মাদককারবারি টগর (২২) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে ঢাকায় রেফার করা হয়। শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত টগরের মৃত্যু হয়। তিনি যশোর শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে।

পুড়ে যাওয়া ঘরের মালিক আইনজীবী তারেক হাসান জানান, টগর হত্যা মামলার আসামি আয়ন তার একটি ঘরে ভাড়া থাকতেন। শনিবার ঢাকা থেকে লাশ নিয়ে এসে দাফনের পর রাত আনুমানিক ১২টার দিকে টগরের বন্ধুবান্ধব ও তার আত্মীয়-স্বজনরা অভিযুক্ত আয়নের একটি ঘরে আগুন দেয়। এ সময় আগুনে মোট ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় রাতেই পুলিশ দুজনকে আটক করে নিয়ে গেছে বলে তিনি জানান।

যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘শনিবার দিবাগত রাত ১২টার দিকে আগুনের খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা একঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। আগুন দেওয়া বাড়িগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘আগুনে ছয় বাড়ি পুড়ে যাওয়ার কথা শুনেছি। কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা তা আমার জানা নেই।’