লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাব্বির হত্যার ঘটনায় অন্যতম আসামি সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরে সংঘর্ষে যুবলীগ-শিক্ষার্থীসহ নিহত ১০
মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শিক্ষার্থীরা হুমায়ুনকে আটক করেন। তিনি বর্তমানে বসুন্ধরা ভাটারা থানা হেফাজতে রয়েছেন।
হুমায়ুন কবির সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের মামা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি বলেন, ‘শিক্ষার্থীরা কবির পাটওয়ারীকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছেন বলে ঢাকারা ভাটারা থানা আমাদের নিশ্চিত করেছে। ভাটারা থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করবে। কবির পাটওয়ারী শিক্ষার্থী সাব্বির হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার আসামি।’
৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে দশ জন নিহত হন। তাদের মধ্যে সাব্বির হোসেন রাসেল হত্যার ঘটনায় ৯১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। ১৪ আগস্ট সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। ঢাকায় আটক হুমায়ুন কবির পাটওয়ারী এ মামলার ৪ নম্বর আসামি।
এ ছাড়া ৪ আগস্ট দায়িত্বে বাধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭০০ জনের নামে মামলা করা হয়। ১২ আগস্ট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি করেন। এ মামলার ৫ নম্বর আসামি কবির পাটওয়ারী।