গাজীপুরের টঙ্গীতে ২০ মামলার আসামি ইব্রাহিম খলিল অপুকে (২০) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তার অনুসারীরা। অপুর নামে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইসহ ২০ মামলা রয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় মরকুন এলাকায় এ ঘটনা ঘটে।
অপু টঙ্গীর মরকুন এলাকার মৃত ইমান আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, গ্রেফতার ইব্রাহিম খলিল অপুর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ছিনতাইসহ ২০ মামলা রয়েছে। এর মধ্যে ৯টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দুই বছর ধরে সে পলাতক ছিল। সে কুখ্যাত মাদক ব্যবসায়ী।
বিকালে মরকুন এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিএনজি অটোরিকশায় থানায় নিয়ে আসছিল পুলিশ। এ সময় তার অনুসারীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশের ওপর হামলা করে। পরে ওসিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। গ্রেফতার অপু নিজেকে স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের সভাপতি দাবি করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।