নরসিংদীতে প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩০ মামলার আসামি রহমত উল্লাহ ভূঁইয়া (৪৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল হান্নান।
এর আগে রবিবার রাতে গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার রহমত নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেমের ছেলে। পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।
এসপি জানান, রহমত উল্লাহ ভূঁইয়া শিবপুরের মুন্সেফেরচর এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার লোককে ব্যবসায়িক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশি এজেন্সির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার ইসলামপুর মাদ্রাসার নির্মাণকাজ এবং রড-সিমেন্ট দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়াও অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের কাছ থেকে বাড়ি নির্মাণের রড-সিমেন্ট দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে যান। সব মিলিয়ে মোট ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে গা ঢাকা দেন।
রহমতের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। এর মধ্যে শিবপুর মডেল থানায় ২০টি মামলার ওয়ারেন্ট রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিল।
রহমতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।