ফেনীতে আগুনে ৪০ ঘর পুড়ে ছাই

ফেনী পৌরসভার উত্তর সহদেবপুরে আগুনে একটি কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাস লিকেজ থেকে লাগা আগুন মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই গ্যাসের লিকেজ থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কমপক্ষে ৪০টি পরিবারের আসবাবসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

হাজেরা আক্তার নামে কলোনির এক বাসিন্দা বলেন, ‘আমরা সবাই দিনমজুর, দিনে এনে দিনে খাই। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি। আজ থেকে খোলা আকাশের নিচে থাকতে হবে।’

করিম নামে স্থানীয় এক যুবক বলেন, ‘আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসেন। পাশের জলাধার থাকে আমরা অনবরত পানি ঢেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। না হলে আশেপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হতো।’

ফেনী মডেল থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করেছি। জনতার ভিড় সামলাতে কিছুটা হিমশিম খেলেও স্থানীয়রা আন্তরিক ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন (পাশা) বলেন, ‘কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ছুটে যায়। পাশে জলাশয় থাকায় সেখান থেকে পানি সংগ্রহ করা সহজ হয়েছে।’ কীভাবে আগুনের সূত্রপাত সেটি এখনও বলা যাচ্ছে না বলে জানান তিনি।