বেরোবিতে আন্দোলনে হামলা: অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ও কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা এবং আবু সাঈদকে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আবু সাঈদ হত্যাকারীদের বিচার নিয়ে কোনও টালবাহানা আমরা মেনে নেবো না। যারা আবু সাঈদের গলা টিপে ধরেছিল, তাকে হত্যার উদ্দেশে প্রকাশ্যে হামলা চালিয়েছিল, তারা মাত্র দুই সেমিস্টারের জন্য বহিষ্কার, এটি আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা কখনোই এটি মেনে নেবো না।

‘আমরা চাই, জুলাই বিপ্লবে যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের সার্টিফিকেট বাজেয়াপ্ত করতে হবে। এ হামলায় জড়িত ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডারদের স্থায়ী বহিষ্কার করতে হবে। প্রশাসন যে শাস্তি দিয়েছে আমরা তা প্রত্যাখ্যান করলাম।’

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায়। এ ঘটনার পর বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দিয়েছিলেন দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। এ জন্য তদন্ত কমিটি গঠন করেছিলেন। তদন্ত প্রতিবেদন দাখিল করার পর ৭১ জন শিক্ষার্থীকে এক অথবা দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। কিন্তু তাদের নাম আজও ঘোষণা করা হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সায় আছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।