মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর থেকে একঘণ্টা ব্যাপী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে এ বৈঠক হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় এই কূটনৈতিক আসেন। বিশেষ করে, চা বাগানের শ্রমিকদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ হয়। এমপি নাসের রহমান জানান, তিনি চা-বাগান শ্রমিকদের কল্যাণের জন্য সংসদে একটা বিল উত্থাপনের কথা বলেছেন, তা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। এলাকায় মন্দিরগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে– এ বিষয়েও তারা সন্তুষ্টি প্রকাশ করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সঙ্গে এখানে বসবাস করছেন। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যেকোনও ধরনের সহযোগিতা দিতে সহকারী হাই কমিশনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে নাসের রহমান বলেন, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ অবস্থায় আছেন। এ দেশে কোনও হিন্দুর গায়ে হাত তোলার আগে মানুষ দুই বার চিন্তা করে। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সব সময় বিরাজমান রয়েছে। তারা এই দেশে অত্যন্ত শান্তিতে বসবাস করছেন।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ২০২৪-এর পর ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়া হিন্দু কমিউনিটির বিরুদ্ধে যে ভুয়া অপপ্রচার করেছিল, সেগুলো ছিল মিথ্যা ও বানোয়াট অপপ্রচার।
নাসের রহমান বৈঠকে ভারতীয় হাইকমিশনকে জোর দিয়ে বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন এবং কারও কোনও অভিযোগ নেই।
‘বিএনপি সরকার বিশ্বাস করে, শুধু হিন্দু নয়– সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে।’