অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় কারখানাটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া (মূলগাঁও) এলাকার বিএম এনার্জি বিডি লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।

গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর থেকে বিকাল পর্যন্ত ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত পাইকারি মূল্য থাকার পরও কারখানা কর্তৃপক্ষ বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। এ অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান প্রসঙ্গে গাজীপুর সেনা ক্যাম্পের মেজর অর্ণব দে আকাশ বলেন, ‘এটি একটি ফলোআপ মোবাইল কোর্ট অভিযান। এর আগে গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে একাধিক অভিযান চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এদিন স্যাটেলাইট গ্যাস প্ল্যান্টে অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও জানান, তদন্তে দেখা গেছে, গ্রাহকদের চালানে সরকার নির্ধারিত মূল্য উল্লেখ থাকলেও বাস্তবে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এমন অভিযোগ শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে।

সাধারণ ভোক্তাদের উদ্দেশে মেজর অর্ণব দে বলেন, ‘গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বিআরসি নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে। কোনও ধরনের অতিরিক্ত দাম দাবি করা হলে তা মেনে না নিয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ জানাতে হবে।’