রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিন দিন পর এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে আরও ১৫৩ শিশু। গত তিন দিন এই হাসপাতালে হাম উপসর্গে কোনও শিশু মারা যায়নি।   

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ তথ্য জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস। তিনি জানান, রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টার মধ্যে শিশুটি মারা যায়। এ সময়ের মধ্যে আরও ৯ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে আরও ১১ শিশু। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৫৫৯ জনকে।   

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘হাম উপসর্গে শিশুমৃত্যু কমেছে। গেলো তিন দিনে কোনও শিশুর মৃত্যু হয়নি, এটা ভালো খবর। আমরা ভালোভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’

অন্যদিকে, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য সহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সবার সমন্বিত প্রচেষ্টা এবং আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনঅনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরবাসীর সেবক হিসেবে কাজ করছি। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ নিয়েছেন, সেটি যথাসময়ে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। উপযুক্ত সব পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি করপোরেশনের অনেক সুনাম রয়েছে। ইপিআই কার্যক্রমে বারবার দেশসেরা হয়েছে রাসিক। এই অর্জন ধরে রেখে স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

উল্লেখ্য, ১৩ এপ্রিল ও আগামী ১৬ এপ্রিল রাসিকের স্বাস্থ্য সহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে রাসিকের ২৪০ জন স্বাস্থ্যকর্মী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে এমআর ক্যাম্পেইনের গুরুত্ব, বাস্তবায়ন কৌশল, মাঠপর্যায়ে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। প্রশিক্ষণ কর্মসূচি এমআর ক্যাম্পেইন সফল বাস্তবায়নে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।