সড়কে মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র তিন বন্ধু নিহত হয়েছে। রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার বাংড়া কালিমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো– উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) এবং সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। তারা মোটরসাইকেল আরোহী ছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলছাত্র তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লিমনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় সায়মনের।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে ও বাকি দুজনের মধ্যে একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং অপরজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’