সুন্দরবনে ১৪ বছরে ২০ অগ্নিকাণ্ড


সুন্দরবনে ১৪ বছরে ২০ অগ্নিকাণ্ড (1)সুন্দরবনের পূর্ব বিভাগে গত ১৪ বছরে ২০ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয় না। যদিও জেলে ও বনজীবীদের দায়ী করে রিপোর্ট পেশ করে তদন্ত কমিটি। তবে তাদের নাম-ঠিকানা চিহ্নিত করতে পারে না ওইসব কমিটি।
এমনকি অজ্ঞাত কারণে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না। ফলে প্রতিবারই পার পেয়ে যায় দুষ্কৃতকারীরা।
সুন্দরবন বিশেষজ্ঞ সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বন বিভাগের উদাসীনতার কারণে সুন্দরবনে প্রতিবছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। নাশকতাকারীরা শনাক্ত না হওয়ায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
সুন্দরবনে আগুনের ঘটনায় কারা লাভবান হচ্ছে তা খতিয়ে দেখার পরামর্শ দিয়ে তিনি বলেন- সুন্দরবনে কোনও দুর্ঘটনা ঘটার কয়েক দিন পর্যন্ত মিডিয়ায় লেখালেখি হয়। আর তখন পর্যন্ত প্রশাসন তৎপর থাকে। মিডিয়ায় লেখালেখি শেষ তো সব ফাইল দায়সারাভাবে রিপোর্ট দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২২ মার্চ সুন্দরবনের শরণখোলা রেঞ্জে কটকা অভয়ারণ্যে, ২০০৪ সালের ২৫ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলী ক্যাম্প এলাকা ও ২৭ ডিসেম্বর আড়য়াবেড় এলাকায়, ২০০৫ সালের ৮ এপ্রিল সুন্দরবনের ধানসাগর স্টেশনের কদলতেজী এলাকায় এবং ১৩ এপ্রিল ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকায়, ২০০৬ সালের ১৯ মার্চ শরণখোলা রেঞ্জের তেরাবেকা এলাকায়, ১১ এপ্রিল চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি এলাকায়, ১২ এপ্রিল কলমতেজির টহল ফাঁড়ির খুটাবাড়িয়া এলাকায়, ১ মে নাংলীর পচাকুড়ালিয়া এলাকায়, ৪ মে ধানসাগর স্টেশন সংলগ্ন এলাকায়, ২০০৭ সালের ১৫ জানুয়ারি শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া ক্যাম্প এলাকায়, ১৯ ও ২৮ মার্চ চাঁদপাই রেঞ্জের নাংলী এলাকায়, ২০১০ সালের ২০ মার্চ ধানসাগর স্টেশনের গুলিশাখালী এলাকায়, ২০১১ সালের ১ ও ৮ মার্চ নাংলী এলাকায়, ২০১৪ সালের ২১ ও ২২ মে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ও আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের মাঝামাঝি বাইশের ছিলা এলাকা, ২০১৬ সালের ২৭ মার্চ চাঁদপাই রেঞ্জের নাংলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়েছে কোটি কোটি টাকার বনসম্পদ।
সর্বশেষ গত ১৩ এপ্রিল সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পচা কোরালিয়া ও নাপিতখালি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাতে ৮-১০ একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।
/এসএনএইচ/