টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ‘ব্যাংকে জমা দিয়েছি’ বলছেন পিডিবি প্রকৌশলী

লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিতে দেখা যায় তাকে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ মিটারের বিষয়ে কথা বলার একপর্যায়ে সেবাগ্রহীতার কাছে পাঁচ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। এ সময় পাশে থাকা আরেক কর্মচারীকে আরও নয় হাজার টাকা দেওয়ার কথা বলতেও শোনা যায়। পরে দর-কষাকষির একপর্যায়ে ওই সেবাগ্রহীতার কাছ থেকে তিন হাজার টাকা গ্রহণ করেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাহকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের সেবা নিতে গিয়ে এ ধরনের আর্থিক লেনদেনের ঘটনা অনিয়ম ও দুর্নীতির প্রশ্ন তৈরি করছে।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম বলেন, ভিডিওটি প্রায় আট মাস আগের। চলতি বছরের ৭ এপ্রিল এক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ নিয়ে তার কাছে আসেন। ওই গ্রাহক ব্যাংকে বিল জমা দেওয়ার জন্য তাকে ৩ হাজার টাকা দেন। পরে তার পাশের এক কর্মচারীর মাধ্যমে লক্ষ্মীপুরের রূপালী ব্যাংকে ওই টাকা জমা দেওয়া হয়। ব্যাংক জমার স্লিপও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

খাইরুল ইসলাম আরও বলেন, গ্রাহক আমাকে বলেছিলেন, স্যার, এই টাকাটা আপনি ব্যাংকে জমা দেন। আমি আমার পাশের স্টাফের মাধ্যমে টাকাটি ব্যাংকে জমা দিয়েছি। জমার স্লিপ আমার কাছে রয়েছে। পরে ওই গ্রাহক অফিসে এসে আমার স্টাফের কাছ থেকে স্লিপটি নিয়ে যান।

ভিডিও ধারণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, তাকে হয়রানি করার উদ্দেশ্যে কেউ ভিডিওটি ধারণ করে এত দিন নিজেদের কাছে রেখেছিল। সম্প্রতি তার কাছে অর্থ দাবি করা হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহক ও সচেতন ব্যক্তিরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।