চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার ফলাফল জালিয়াতির সঙ্গে জড়িত একটি বড় চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেওয়া এবং গ্রেড উন্নীত করার কাজ করত চক্রটি। এর সঙ্গে শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদেরও সম্পৃক্ততা রয়েছে। চট্টগ্রাম নগর থেকে শুরু করে বিভিন্ন জেলায় বিস্তৃত এই চক্রের নেটওয়ার্ক। আর পুরো চক্রটির সমন্বয়ের দায়িত্বে ছিলেন শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের ইনচার্জ আবদুল মালেক। সম্প্রতি এসএসসি পরীক্ষায় ১১ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর ফলাফল জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে এসব তথ্য উঠে এসেছে।

এ ঘটনায় গত ১৮ নভেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের ইনচার্জ আবদুল মালেক (৫৬)সহ তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার অন্য দুজন হলেন একই বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম জিসান (২৭)। তাদের মধ্যে ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে এবং আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে।

সিআইডি সূত্র জানায়, ফলাফল জালিয়াতির এ চক্রটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের নম্বর পরিবর্তন করে পাস করিয়ে দেওয়া ছিল তাদের অন্যতম কাজ। একই সঙ্গে পাস করা শিক্ষার্থীদের গ্রেড বাড়িয়ে দেওয়ার কাজও করত তারা। মূলত অর্থের বিনিময়ে এসব জালিয়াতি করা হতো।

সিআইডির তদন্ত কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বোর্ডের কম্পিউটার বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী এ কাজে সরাসরি যুক্ত ছিলেন। তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের কাজ করতেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। ফলে শুধু চট্টগ্রাম নগর নয়, জেলার বিভিন্ন উপজেলাতেও ছড়িয়ে রয়েছে এ চক্রের যোগাযোগ।

যে অভিযোগে গ্রেফতার তিনজন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির মাধ্যমে এক পরীক্ষার্থীর ১১টি বিষয়ের প্রাপ্ত নম্বর অবৈধভাবে পরিবর্তন করে ফলাফল বাড়িয়ে দেওয়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এ তিনজনকে গ্রেফতার করে সিআইডি। তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল পরীক্ষার উত্তরপত্রসহ মোট ৪৮০ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

যেভাবে ১১ বিষয়ে ফলাফল পরিবর্তন

সিআইডি সূত্র জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। ওই পরীক্ষার্থীর মূল উত্তরপত্রে প্রাপ্ত নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত কম্পিউটার ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পাওয়া যায়। ১১টি বিষয়ে মূল মূল্যায়নে প্রাপ্ত নম্বরের তুলনায় প্রকাশিত ফলাফলে অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেখানো হয়।

ওই শিক্ষার্থীর নম্বরের বিবরণ বিশ্লেষণে দেখা যায়, বাংলা প্রথম পত্রে মূল নম্বর ২৩-এর বিপরীতে প্রকাশিত নম্বর ৩৩, বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর বিপরীতে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর বিপরীতে ৮৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ২০-এর বিপরীতে ৮২, গণিতে ৯-এর বিপরীতে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর বিপরীতে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের বিপরীতে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের বিপরীতে ৪৫, রসায়নে ১-এর বিপরীতে ৪৬, জীববিজ্ঞানে ১-এর বিপরীতে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর বিপরীতে ৬৫ নম্বর দেখানো হয়।

তদন্ত কমিটি ও মামলা

১১টি বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীকে পাস দেখিয়ে ফলাফল ঘোষণার অভিযোগ শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নজরে আসার পর এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপে সংরক্ষিত তথ্য এবং প্রকাশিত কম্পিউটার ফলাফল পর্যালোচনা করে। তদন্তে জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীর প্রকৃত ফলাফল পরিবর্তন করে বেশি নম্বর প্রদর্শনের বিষয়টি উঠে আসে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বোর্ড কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীর ফলাফল স্থগিত ঘোষণা করে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পক্ষে জবাব দাখিল করা হলেও তা সন্তোষজনক না হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ ঘটনায় গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। মামলায় বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, নূর হোসেন ওরফে রায়হান এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে আসামি করা হয়।

মামলার এজাহারে যা বলা হয়েছে

এজাহারে উল্লেখ করা হয়, পরীক্ষার ফলাফল প্রস্তুত করার গুরুত্বপূর্ণ কারিগরি কার্যক্রম স্ক্যানিং ও সলভিং-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। তাদের জ্ঞাতসারে ও সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়।

পাঁচলাইশ থানায় দায়ের করা মামলাটি তদন্ত করছে সিআইডি। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে রয়েছেন সিআইডির উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া।

তিনি জানান, এ জালিয়াতির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের, সহযোগীদের এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের কারিগরি প্রক্রিয়ায় কীভাবে এ জালিয়াতি সংঘটিত হয়েছে, কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এবং এ ঘটনায় অন্য কেউ অবৈধ সুবিধা নিয়েছে কি না, তা অনুসন্ধান করছে সিআইডি। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আগেও ঘটেছে ফলাফল জালিয়াতি

১১টি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার ঘটনা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম নয়। এর আগেও এ ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেন তৎকালীন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের ছেলে। ওই বছরের ২৬ নভেম্বর ফলাফল ঘোষণার পর তার ছেলের জিপিএ-৫ পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। পরে একাধিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে যেতে হয় তৎকালীন শিক্ষা বোর্ডের সচিব নারায়ণ চন্দ্র নাথকে।

ঢেলে সাজানো হচ্ছে আইটি শাখা

এদিকে, একের পর এক ফলাফল জালিয়াতির ঘটনা সামনে আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এ ধরনের অনিয়ম ঠেকাতে বোর্ডের আইটি শাখাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন।

তিনি বলেন, ফলাফল জালিয়াতি রোধে বোর্ডের আইটি শাখাকে ঢেলে সাজানো হচ্ছে, যাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে এ ধরনের ঘটনা আর না ঘটে।