বেলারের বাড়ি রাজাপুরে নয়। তার বাড়ি আসলে মৌলভীবাজার। দৈনিক পূর্বকোণ পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি শাহজাহান হোসেন সাজুর পুলিশকে দেওয়া তথ্য অনুয়ায়ী, এই বেলাল হোসেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়ার সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে পালিয়ে যায়। সে তথ্য অনুযায়ী সোমবার পুলিশ এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে বেলালকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেলাল জানায়, সে বাংলার পাশাপাশি হিন্দিতেও কথা বলতে পারে। এর আগে রাজাপুরে এসে সে শুধু হিন্দিতে কথা বলতে পারে বলে জানিয়েছিল।
পুলিশের কাছে দেওয়া জাতীয়তার সনদপত্র অনুযায়ী বেলালের স্থায়ী ঠিকানা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও গ্রামে। তার বাবার নাম মো. জসিম উদ্দিন। আর বর্তমান ঠিকানা হচ্ছে চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার চকবাজার গ্রামের শুলকবহর এলাকার ৮ নং ওয়ার্ডের আব্দুল হামিদ সড়কের সিদ্দিকুর আহম্মেদের বাড়ি। আর ২০১২ সালে করা জন্মসনদে তার জন্মস্থান দেওয়া হয়েছে মৌলভীবাজার। জন্ম তারিখ ১৩ মার্চ ১৯৯৩। সে অনুযায়ী বেল্লালের বর্তমান বয়স ২৩ বছর।
বেলালের বাবা বায়েজিদপুর থানার টেক্সটাইল এলাকার গ্যালন ফ্যাশন নামে একটি গার্মেন্টসে সুপারভাইজার পদে চাকরি করেন। একই গার্মেন্টসে তার মা সেলিনা আক্তারও চাকরি করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিলেও বেলালের রাজাপুরে আসার মূল লক্ষ্য সম্পর্কে মুখ খোলেনি সে।
জিজ্ঞাসাবাদে বেলাল আরও জানায়, বাবা-মায়ের সঙ্গে রাগ করে সাড়ে ৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে ভারত চলে যায়। সেখানে দীর্ঘদিন বন্দি থাকার পর ২০১২ সালে আবারও পালিয়ে বাংলাদেশে চলে আসে।
দৈনিক পূর্বকোণ পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি শাহজাহান হোসেন সাজু জানান, পানছড়িতে রাজাপুরের মতো একইভাবে প্রতারণা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়ার বাসায় ২৫ দিন ছিল। এর ওই বাড়ি থেকে ১৪-১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এভাবে নোয়াখালীসহ বিভিন্ন স্থানে প্রতারণা করেছে সে।
সোমবার দুপুরে রাজাপুরের বাইপাস এলাকার আশ্রায়দানকারী সবজি ব্যবসায়ীর কাছ থেকে বেলালকে পুলিশ থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। তবে বেলাল কোনও জঙ্গি সংগঠনের সদস্য কিনা অথবা তার দলে অন্য কোনও সদস্য আছে কিনা বা রাজাপুরে আসার মূল লক্ষ্য কী সে সম্পর্কে এখনও কিছু বলেনি।
এ প্রসঙ্গে বেলালের আশ্রয়দাতা সবজি বিক্রেতা খসরু হোসেন বলেন, ‘বেলালের হাত থেকে আল্লাহ রহমতে বেঁচে গেলাম। নইলে বড় ধরনের ক্ষতিতে পড়তে হতো।’
রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, বেলালের ছবিসহ খবর গণমাধ্যমে দেখে শাহজাহান হোসেন সাজু ফোনে বেলালের আগের প্রতারণার ঘটনা জানায়। এরপর বেলালকে আটক করা হয়েছে। তার দেওয়া ঠিকানায় খোঁজখবর নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলার প্রস্তুতি চলছে।
এর আগে ২ সেপ্টেম্বর রাতে ঝালকাঠির রাজাপুরের বাইপাস এলাকায় আসে বেলাল। ওই সময় সে বলে, ৫ বছর বয়সে তাকে অপহরণ করে ভারতের পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেখানে এক যুগ একটি মদের কারখানায় কাজ করানো হয় তাকে দিয়ে। কৌশলে সেখান থেকে পালিয়ে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে দালালদের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসে সে।
বেলাল আরও জানায়, তারা বাবার নাম জসিম উদ্দিন ও মায়ের নাম সেলিনা। পরে বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকরা বেলালের ছবিসহ অনলাইন পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ সহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করে এবং উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছিল।
আরও পড়ুন-
প্রতিষ্ঠাতা সভাপতির ফাঁসিতে যে কারণে চুপ ছাত্রশিবির
রাজউকের উচ্ছেদ অভিযান: ঝুঁকির মুখে বিনিয়োগ
/এসটি/এফএস/