বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘আলো দেখতে খুব সুন্দর, কিন্তু সেই আলোর উৎপত্তি হয় ভয়ঙ্কর আগুন থেকে। আর বইয়ের ভেতরে সেই আগুন লুকানো থাকে।’ শুক্রবার বরিশালে বইপড়া কর্মসূচির মূল্যায়ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক কার্যক্রমের আওতায় ২০১৬ সালে বরিশাল মহানগরীর ৩১টি স্কুলের প্রায় ৩ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সকাল সাড়ে আটটায় নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে উৎসবের উদ্বোধন করেন আবদুল্লাহ আবু সায়ীদ। বছর জুড়ে বইপড়া কর্মসূচির মূল্যায়নপর্বে উৎকর্ষতার পরিচয় দেওয়ায় বরিশালে ১ হাজার ৩১৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরী সূর্য্যানী সমাদ্দার, গ্রামীণফোনের বরিশাল অঞ্চলের রিজিওনাল হেড মো. আহসান হাবিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।
/এমও/