মামা-ভাগ্নেসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশালে তিনজন নিহত

বরিশালবরিশালের মেহেন্দিগঞ্জ ও গৌরনদী উপজেলায় মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টের পৃথক ঘটনায় মামা-ভাগ্নে ও এক দিনমজুরসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের নয়াখালি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মামা-ভাগ্নে। মৃতরা হলেন নয়াখালি গ্রামের গৌতম দাসের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আশীষ দাস (১১) ও তার মামা সতীশ ঘরামীর ছেলে বরুণ ঘরামী (২৭)।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ও স্থানীয়রা জানান, আশীষ ঘরের ভেতর তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার মায়ের চাচাতো ভাই বরুন ঘরামী ঘটনাটি দেখতে পান। তিনি আশীষকে রক্ষা করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়।

এদিকে গৌরনদী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত গাছের পার্শ্ববর্তী বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান দিনমজুর বাবুল বেপারী (৫৫)। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার স্বজনদের বরাত দিয়ে গৌরনদী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন- হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় চার জনের ফাঁসির আদেশ