‘ওপরের নির্দেশ’ ভোটকেন্দ্রে সাংবাদিক নিষিদ্ধ





রানাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটকেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। ভোট চলাকালে সাংবাদিকরা কেন্দ্রে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। ভোরের পাতা ও ভোরের কাগজের নলছিটি উপজেলা প্রতিনিধি ইবরাহিম শাকিল, চ্যানেল এস বরিশাল ব্যুরো’র মনির হোসেন, কীর্তণ খোলার নলছিটি উপজেলা প্রতিনিধি মশিউর রহমান, আমাদের বরিশাল নলছিটি প্রতিনিধি এস আর সোহেল ও বরিশালের কথার নলছিটি প্রতিনিধি জসীম উদ্দিন বাংলা ট্রিবিউনের কাছে এই অভিযোগ করেছেন।

সাংবাদিকরা জানান, ভোটকেন্দ্রে ঢুকতে গেলে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার ‘ওপরের নির্দেশ’ সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না’ জানিয়ে সাংবাদিকদের বাধা দেন। প্রয়োজনে তারা একবার কেন্দ্রের বাইর থেকে চারপাশ ঘুরে দেখতে পারবেন বলে জানান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রানাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৯টার দিকে সাংবাদিকরা ভোটকেন্দ্র পরিদর্শনে যান।

নির্বাচন কমিশনের আইন অনুসারে ব্যালটে সিল মারার গোপন কক্ষ ব্যতীত ভোটকেন্দ্র ও কক্ষে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে বলে জানালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য বাকবিতন্ডা শুরু করেন।
এই প্রসঙ্গে প্রিসাইডিং অফিসার মো. মারুফ হোসেন মিনার বলেন, ‘গোপন কক্ষ ছাড়া কেন্দ্রের সর্বত্র সাংবাদিকরা যেতে পারবে। এতে কারও কোনও নিষেধাজ্ঞা নেই।’

পরে দুপুর ১টার দিকে সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। এই প্রসঙ্গে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, ‘প্রথমে সাংবাদিকদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু পরে বিষয়টা সমাধান হয়েছে।’

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফ বলেন, ‘সাংবাদিকরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে।’ তবে এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় বলে এই কর্মকর্তা জানান।

আরও পড়তে পারেন: ভোট দিতে পারেননি তিন ইউপি চেয়ারম্যান প্রার্থী