এইচএসসি’র প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৫১: বহিষ্কার ৬

বরিশাল

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে ৬৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং ৬ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। অনুপস্থিতদের মধ্যে ভোলা জেলায় ৯৪, বরগুনায় ৮৩, পটুয়াখালীতে ১২১, পিরোজপুরে ৬৯, ঝালকাঠিতে ৪৪ ও বরিশালে ২৪০ জন রয়েছেন।

অপরদিকে বরিশাল জেলার উজিরপুরে ১ জন, পিরোজপুর জেলা সদরে ১ জন এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ২, দৌলতখানে ১ জন ও মনপুরায় ১ জনসহ ৪ জন পরীক্ষার্থী অসাদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, বাংলা প্রথম পত্র পরীক্ষায় সোমবার মোট ৫৪ হাজার ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।

তিনি আরও  জানান, ১১৬ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।  ৩শ’ ৩২টি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৪২ জন, মানবিক বিভাগে ৩৩ হাজার ৫৭৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৬ হাজার ১৮০ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছিলেন।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে আরও জানা গেছে, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৩২৭ জন। এর মধ্যে ৩২ হাজার ৪৯৬ জন ছেলে এবং ৩০ হাজার ৮৩১ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে এ বছরে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ২২৫ জন। এছাড়াও ৫১৭ জন জিপিএ উন্নয়নে, ১৭ জন প্রাইভেট ও অনিয়মিত ১৩ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী রয়েছেন।

আরও পড়ুন: জন্মের পর আযান না দেওয়ার নবজাতককে হত্যা, বাবা আটক