বিশেষ ট্রাফিক সপ্তাহ: বরিশালে তিন দিনে সাড়ে তিনশ’ মামলা

বরিশালবিশেষ ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত তিন দিনে বরিশাল নগরীতে বিভিন্ন যানবাহন ও চালকের বিরুদ্ধে ৩৪৪টি মামলা দায়ের এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এএসএম ফাইজুর রহমান এই তথ্য জানান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই কার্যক্রম সবসময় চলমান থাকবে বলে জানান তিনি ।

ফাইজুর রহমান বলেন, ‘রবিবার নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধনের পর ওই দিনই ১১৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২টি মোটরসাইকেল আটক করা হয়। সোমবার ১৪২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দুটি মোটরসাইকেল আটক করা হয়েছে।’

মূলত চালকদের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চলায় এই মামলাগুলো দেওয়া হয়েছে বলে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ বিভাগের এই কর্মকর্তা।