‘স্বাধীনতাবিরোধী চক্র ক্ষমতায় গেলে কেউ বাঁচতে পারবে না’

আওয়ামী লীগের আলোচনা সভাবরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ জাতীয় নির্বাচনে নৌকাকে জয়ী করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার দুপুরে বরিশাল ক্লাব মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হাসানাত আবদুল্লাহ বলেন, ‘স্বাধীনতাবিরোধী মৌলবাদী বিএনপিচক্র ক্ষমতায় গেলে আপনারা কেউ বাঁচতে পারবেন না। এই নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অস্তিত্ব রক্ষার নির্বাচন।’

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম ছবির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সদর আসনের বিদায়ী এমপি জেবুন্নেছা আফরোজসহ অনেকে।

জাহিদ ফারুক বলেন, তিনি চাঁদাবাজি সন্ত্রাস করেন না। মাদককে প্রশ্রয় দেন না। তিনি নির্বাচিত হতে পারলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে সঙ্গে নিয়ে বরিশালকে দেশের সেরা শহরে পরিণত করবেন। বরিশাল তথা সারা দেশের উন্নয়নের স্বার্থে তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান।