ভোলায় সাবেক ছাত্রলীগ সভাপতি শাহীন ফের গ্রেফতার

গ্রেফতার ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

দুটি ব্যাংক নিয়ে ফেসবুকে মিথ্যাচার ও মাদক বহনের অভিযোগে ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে ন্যাশনাল ব্যাংক ভোলা শাখার ম্যানেজার আমিরুল ইসলাম তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শহরের মুসলিম পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ টিম তাকে গ্রেফতার করে।

এ অভিযানের নেতৃত্ব দেন ভোলা থানার ওসি এনায়েত হোসেন, ডিবি’র ওসি সহিদুল ইসলাম। পরে শুক্রবার তার বিরুদ্ধে  ২৫ পিস ইয়াবা বহনের অভিযোগে মাদক আইনেও মামলা দেয় পুলিশ। 

ওসি এনায়েত হোসেন জানায়, তার বিরুদ্ধে আরও ৮টি মামলা রয়েছে। এর আগেও তাকে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রায় ৪ মাস জেলে ছিলেন। এবারও গ্রেফতারের পর তল্লাশি করে তার পকেট থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি’র ওসি শহীদুল জানান, মোস্তাক শাহীন তার ফেসবুক পেইজ থেকে প্রতিনিয়িত বিভিন্ন মানুষকে হুমকি দিয়ে আসছিল। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।

ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভোলা শাখার ম্যানেজার আমিরুল ইসলাম জানান, ২৫ সেপ্টেন্বর রাতে মোবাইল ফোনে মোস্তাক শাহীন তাকে হুমকী দেন। একই সঙ্গে তার ফেসবুক পেইজে মার্কেন্টাইল ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক সম্পর্কে মিথ্যা তথ্য পোস্ট করেন। এতে ব্যাংকের সুনাম নষ্ট হয়েছে। ন্যাশনাল ব্যাংকের এডিশনাল এমডি এস এম বুলবুল এমন মিথ্যা তথ্য দেখে ফেসবুকে পোস্ট প্রদানকারীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।

এ ব্যাপারে মার্কেন্টাইল ব্যাংকের ভোলা শাখার ম্যানেজার মাছুম ইকবাল জানান, যে তথ্য মোস্তাক শাহীন দিয়েছেন তা সঠিক নয়। এতে তার ব্যাংকের সুনাম নষ্ট হচ্ছে।

এদিকে মোস্তাক শাহীনের দাবি তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।