‘ব‌রিশা‌লের পরিস্থিতি শান্ত, বি‌জি‌বি মোতায়েনের প্রয়োজন নেই’

বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ব‌লেছেন, বর্তমানে ব‌রিশা‌লের পরিস্থিতি শান্ত আছে। এই মুহূ‌র্তে বি‌জি‌বি মোতায়েনের প্রয়োজন নেই। তবে বি‌জি‌বি প্রস্তুত র‌য়ে‌ছে। য‌দি প্রয়োজন হলে মোতায়েন হবে। 

তিনি বলেন, ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলা দুটি তদন্তে পুলিশের ওপর আমাদের আস্থা আছে। এ জন্য অন্য সংস্থাকে দিয়ে মামলা তদন্তের প্রয়োজন নেই।

শুক্রবার (২০ আগস্ট) বিকালে নিজ বাসভবনের সামনে জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনার সাইফুল হাসান বাদল।

তিনি বলেন, শুক্রবার নগরীর বি‌ভিন্ন স্থা‌নে ঘু‌রে জনজীবন স্বাভা‌বিক প‌রিল‌ক্ষিত হ‌য়ে‌ছে। আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে নগরীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে পু‌লিশের পাশাপা‌শি টহল দি‌চ্ছে র‌্যাব।

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত জরুরি সভায় নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ও অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সভায় উপস্থিত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেছিলেন, ঘটনা পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মামলার তদন্তের বিষয়ে উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁইয়া বলেন, মামলার তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকেই গ্রেফতার করা হবে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করবে না পুলিশ। গুরুত্ব সহকারে মামলা দুটির তদন্ত চলছে। এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করা হয়। দুই মামলায় সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানায় ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। একই থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ জালাল মল্লিক বাদী হয়ে আরেকটি মামলা করেন।

ব্যানার-পোস্টার অপসারণকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা ইউএনওর বাসভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্যরা গুলি চালান। হামলা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন।