পটুয়াখালী জেলা শহরের ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ রক্ষার দাবিতে আন্দোলনের পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের তদন্ত দল শনিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বরিশাল (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘মিডিয়ার সামনে আমি কোনও কমেন্ট করতে চাই না। জেলা প্রশাসকসহ (মো. কামাল হোসেন) সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আশাকরি ফল ভালো হবে।’
এর আগে, পরিদর্শন দলের সদস্য মো. আনোয়ার হোসেন এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, পটুয়াখালীর অনেক স্কুল-কলেজে খেলার মাঠ রয়েছে। কিন্তু মেয়েদের জন্য ভিন্ন এবং নিরাপদ কোনও খেলার মাঠ নেই। কিন্তু আমাদের বিদ্যালয়ের খেলার মাঠে (জেলা প্রশাসন) বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। আমাদের জন্য নিরাপদ এই বিদ্যালয়ের খেলার মাঠ অতি জরুরি।
মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এবং সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পুষ্প রানী সাহা, অধ্যাপক লুৎফুননেছা বেগম, পটুয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, পটুয়াখালীর মো. ইসহাক মডেল কলেজের সাবেক অধ্যক্ষ নাজমা সুলতানা ও বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসনের কাছে ওই জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।
এদিকে বিদ্যালয়ের মাঠ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, মূলত ওই জমি জেলা প্রশাসনের। ১৯৮৫ সাল থেকে ওই জমি তৎকালীন জেলা প্রশাসকের মৌখিক অনুমতিতে স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করে আসছে। তাছাড়া উল্লেখিত স্থানে ২.২০ শতাংশ জমি থেকে ০.৭৫ শতাংশ জমি স্বেচ্ছায় স্কুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ৬ ফুটের প্রশস্ত সড়ক ১২ ফুটে উন্নীত করে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপরেও শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।