বিএনপির আনন্দ মিছিলে অসুস্থ হয়ে কর্মীর মৃত্যু

ভোলা জেলা বিএনপির আনন্দ মিছিলে এসে হঠাৎ অসুস্থ হয়ে মো. হাসান (৩০) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হাসান ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর কুমারিয়া গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির কর্মী।

উত্তর দিঘলদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু বক্কর মোল্লা বলেন, ১৫ নভেম্বর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বৃহস্পতিবার দুপুরে আনন্দ মিছিলের ঘোষণা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। কিন্তু আনন্দ মিছিল শুরুর আগে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসান। আমাদের নেতাকর্মীরা তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসানের বড় ভাই মো. ইউনুছ ও ছোট ভাই মো. আলম জানান, হাসান বিএনপির কর্মী। সকালে জেলা বিএনপির আনন্দ মিছিলে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। দুপুর ১২টার দিকে তারা খবর পান হাসানকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে আলম হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসানের মৃত্যু হয়েছে।

এদিকে, দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।