ঈগলের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে নৌকা, রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ

পিরোজপুর-২ আসনের নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা নির্বাচনি মাঠে ঈগলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ। এ ঘটনায় বুধবার পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মহিউদ্দিন মহারাজের নির্বাচনি এজেন্ট আব্দুল্লাহ আল মাসুদ। 

এখানে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি পিরোজপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য। 

ঈগল প্রতীকের নির্বাচনি এজেন্ট আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমাদের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন নৌকার কর্মী-সমর্থকরা। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগ দিয়েছি। 

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে ভোটের দিন নৌকার কর্মী ব্যতীত অন্য প্রার্থীর এজেন্ট কিংবা ভোটারকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এমনকি কেন্দ্র থেকে ভোটের ফল ঘোষণা না করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। এসব বলে নৌকার কর্মীরা বোঝাতে চায়, প্রশাসন তাদের প্রার্থীকে (নৌকার) বিজয়ী ঘোষণা করে দেবে। 

আব্দুল্লাহ আল মাসুদ বলেন, অভিযোগের কপি প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সংস্থাকে দিয়েছি। ভোটাররা যাতে এসব গুজবে বিভ্রান্ত না হন, সেজন্য এই অভিযোগ দেওয়া। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি আমরা।