পদ্মাসেতু, পায়রা বন্দর হলে মাথাপিছু আয় হবে ৩ হাজার ডলার : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুদেশে পদ্মাসেতু ও পায়রা বন্দরের নির্মাণকাজ শেষ হলে মানুষের মাথাপিছু আয় তিন হাজার ডলার হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
শনিবার বেলা ১২টায় ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারসহ কৃষিজ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
সেইসঙ্গে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও মনে করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য এই মন্ত্রী।
২০০৯ সালে পুনরায় আ. লীগ ক্ষমতায় আসার পর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ২০১৫ সালে ৫০ হাজার মেট্রিক টন চাল শ্রীলঙ্কায় রফতানি করেছে জানিয়ে তিনি আরও বলেন, এ সরকার কৃষকদের উন্নতির জন্য সার ও কীটনাশকে ভর্তুকি দিয়েছে। জনবসতি এলাকায় লোড শেডিং দিয়ে কৃষকদের সেচব্যবস্থা চালু করেছে। এ জন্যই ঝালকাঠি থেকে সরকারের চাহিদার চেয়ে বেশি চাল সরবরাহ করা হয়।

উন্নয়ন কাজ শেষ হলে দক্ষিণাঞ্চল হবে সিঙ্গাপুর: আমু

বক্তব্য শেষে সদর উপজেলার ৯শ’ ৫০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে উফশী আউশ, ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে ড্যাব, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে নেরিকা আউশ বীজ বিতরণ করেন মন্ত্রী।এর আগে সকাল ১০টায় নলছিটি উপজেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করেন তিনি।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শেখ আবু বকর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ জেলা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোবারেক হোসেন মল্লিক প্রমুখ।

/এইচকে/