পুলিশ লাইনের সামনেই বিআরটিসি বাসে আগুন

বরগুনা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা-খুলনা রুটে চলাচলকারী বিআরটিসির বাসগুলো পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা হয়। প্রতিদিনের মতো শনিবারও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে রাখা হয়েছিল। তবে মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ সময় পুলিশ লাইনের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নেভান। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।