পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সমুদ্রসৈকতে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিমের খোঁজ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার খোঁজ পায় বরিশাল মহানগর পুলিশ।
দুদিন আগে তিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। পরে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। এরপর তাকে খুঁজে বের করতে ও অনুসন্ধান চালাতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। এরপর পুলিশ যখন খুঁজে পায় তখন তিনি জানান, একা একা কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন।
বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক শেখ ফারহান নাদিম একা ঘুরতে কুয়াকাটায় যান। তার সঙ্গে অন্য কেউ ছিল না। মুঠোফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।
শেখ ফারহান নাদিম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীনে মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত মঙ্গলবার বিকালে আদালতের কার্যক্রম শেষে ফারহান নাদিম বাসার উদ্দেশে বের হন। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন। তবে ওই দিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। শেষ পর্যন্ত সন্ধান না পেয়ে বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর থেকেই ফারহান নাদিমের খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়। আজ তার সন্ধান পায় পুলিশ।