প্রেমের টানে বরিশালে এসে কিশোরীকে বিয়ে ভারতীয় যুবকের, বললেন ‘বাকি জীবন বাংলাদেশে কাটাতে চাই’

প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসে কিশোরীকে বিয়ে করেছেন সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা (২০) নামে এক যুবক। তবে কিশোরীকে বিয়ে করায় এলাকায় চলছে নানা আলোচনা।

সোরঠিয়া ফাইজান শাহ ওরফে হামজা গুজরাটের বাসিন্দা এবং ওই এলাকার রেজওয়ান শাহর ছেলে। তিনি ছয় মাসের ট্যুরিস্ট ভিসায় গত ২২ নভেম্বর বাংলাদেশে আসেন। তার প্রেমিকা হলেন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের কিশোরী (১৭) ও নবম শ্রেণির ছাত্রী। ওই যুবক গৌরনদীতে পৌঁছে কিশোরীর পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেছেন। অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায়‌ আলোচনার সৃষ্টি হয়।

কিশোরীর মা জানিয়েছেন, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার ট্যুরিস্ট ভিসায় ভারত থেকে বাংলাদেশে আসে ফাইজান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোরীর মা ও মামা তাকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন। পরদিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে এবং একজন মৌলভী ডেকে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। পরে জামাতা হিসেবে ফাইজানকে বাড়িতে নিয়ে আসেন।

কিশোরী জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রামের বন্ধু ফাইজান শাহর সঙ্গে দেড় বছর আগে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা যোগাযোগ অব্যাহত রাখেন। তারই ধারাবাহিকতায় বিয়ের উদ্দেশ্যে ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান।

কিশোরী আরও জানান, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং ভারতীয় সিনেমা দেখে তিনি হিন্দি ভাষা শিখেছেন। ফলে তাদের মধ্যে এখন আর ভাষাগত কোনও সমস্যা নেই। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন। ফাইজান বাংলাদেশে থেকে যেতে চান বলেও জানিয়েছেন কিশোরী।

ফাইজান শাহ বলেন, ‘আমার বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত। তিন ভাইয়ের মধ্যে আমি মেজো। আমাদের প্রেমের বিষয়টি আমার পরিবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। ফলে ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসেছি। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চাই।’

কিশোরীর মা বলেন, ‘মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একপর্যায়ে উপায় না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, ‘স্থানীয় এক গ্রাম পুলিশ বিষয়টি আমাকে জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’