বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ

মৌলভীবাজার প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ২৩:৩৪ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২৩:৩৪

বিয়ের আয়োজন ও অতিথি আপ্যায়নের রান্নাবান্না শেষ। বরপক্ষের অপেক্ষায় কনেপক্ষ। কিন্তু শেষ মুহূর্তে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসরে আসেননি বর ও পরিবারের লোকজন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে খায়রুন বেগম (৩৫)।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থানকালে একই ইউনিয়নের জালালপুর গ্রামের আবাছ আলীর (৪০) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান খায়রুন বেগম। তিনি প্রবাসে থাকাকালে আবাছকে সাড়ে ৩ লাখ টাকা দেন। দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ঠিক হয়।

কনের ভাষ্য, মোটরসাইকেল কেনার জন্য বিয়ের আগের দিন বৃহস্পতিবার নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বরকে দেওয়া হয়। শুক্রবার দুপুরে বরপক্ষ বিয়ের আয়োজনে আসার কথা ছিল। এজন্য অতিথি আপ্যায়নের রান্নাবান্না শেষ হয়। আমরা যখন বরপক্ষের অপেক্ষায় তখন তারা ফোন করে আরও দেড় লাখ টাকা দাবি করে। ওই টাকা না পেয়ে বিয়েতে অস্বীকৃতি জানান আবাছ। বারবার অনুরোধ করলেও শেষ পর্যন্ত বিয়েতে আসেননি।’

কনের পরিবার জানায়, বিয়ের দাওয়াতে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত হন। বরযাত্রীদের আপ্যায়ন ও আনুষঙ্গিক খাতে প্রায় ২ লাখ টাকা খরচ হয়। কিন্তু শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও বরপক্ষ না আসায় তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বরপক্ষ মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেয় তারা। অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো যায়নি।

খায়রুনের বড় ভাই মইন উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিয়ের দিন আমার বোনকে বধূর সাজে সাজানো হয়েছিল। সমাজের লোকজন দাওয়াত খেয়ে গেছেন, অথচ যৌতুকের জন্য বরপক্ষ এলো না। এখন সমাজে আমরা মুখ দেখাবো কী করে? বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘বিয়ের বিষয়ে কেউ আমাকে আগে কিছু জানায়নি। অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। পরে পুলিশের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ আমাকে জানিয়েছিল।’

তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করে বরের ভাই ইয়াসিন মিয়া বলেন, ‘আমরা যৌতুক নিইনি; বরং আমার ভাইয়ের পাওনা বাবদ ১ লাখ টাকা নিয়েছি। আর কোনও টাকা আমাদের দেওয়া হয়নি।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দিয়েছেন। তবে শেষ পর্যন্ত নিষ্পত্তি না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ কনে যৌতুক দাবির অভিযোগ করেছেন।’

/এএম/ 
সম্পর্কিত
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে
সারাদেশে বিয়ে রেজিস্ট্রি বন্ধ, ফি বাড়ানোসহ পাঁচ দাবিতে কাজীদের কর্মবিরতি 
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
সর্বশেষ খবর
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’
স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন