বরিশালে তনু হত্যার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে ৪ জন আহত হয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দেয়।
এ কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্র জোট বরিশাল জেলা শাখা সকালে নগরীর বিভিন্ন স্থানে মিছিল করে। সকাল ৯টার দিকে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা নগরীর কয়েকটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সদর রোডে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ তাদের রাস্তা থেকে সরে গিয়ে কর্মসূচি পালনের অনুরোধ জানায়। এরপর তারা মিছিল করতে চাইলে সেখানেও বাধা দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। বাধা উপেক্ষা করে রাস্তায় ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ৪ জন আহত হয়।
বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আ. রউফ বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সভাপতির সঙ্গে কথা বলে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
/এসটি/