ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ধার্য তারিখে দুইজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ’র আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হয়। এসময় মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনারসহ ৪০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আগামী ১০ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ।
বুধবার আদালতে উপস্থিত সাক্ষীরা হলেন, হত্যাকাণ্ডের ঘটনাস্থল একাডেমি এলাকার দুই দোকান কর্মচারী জাহিদ হোসেন রাব্বি ও মো. সোহেল।
জানা যায়, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। এই মামলার ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের সঙ্গে কোনও না কোনভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি ১২ আসামি এখনো পলাতক রয়েছেন। ৫৬ আসামির মধ্যে একমাত্র বিএনপি নেতা মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
আরও পড়তে পারেন : যৌন নিপীড়নের অভিযোগে আহসানউল্লাহ’র সেই শিক্ষক গ্রেফতার
উল্লেখ্য,২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হক একরামের ওপর সন্ত্রাসীরা হামলা করে। এসময় সন্ত্রাসীর তাকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করেন। এই ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৮ আগস্ট ফেনী মডেল থানা পুলিশ ৫৬ জনকে আসামি করে এই মামলার চার্জশিট দাখিল করে।
/জেবি/