তনু হত্যা: ময়নাতদন্তের প্রতিবেদন মেলেনি ৪০ দিনেও

তনু হত্যাকাণ্ডকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নিহত ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনের দেখা মেলেনি মরদেহ পুনরায় ওঠানোর ৪০ দিন পরও।
২১ মার্চ প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ চিকিৎসকরা পাননি জানানোর পর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য ৩০ মার্চ তনুর মরদেহ পুনরায় কবর থেকে তোলা হয়।
এদিকে সোমবার দুপুরে তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো. ইব্রাহীম জিজ্ঞাসাবাদের জন্য তনুর গ্রামের বাড়িতে গেছেন বলে জানা যায়।
দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুরে পৌঁছে তনুর চাচাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র মিনহাজের সঙ্গে তিনি কথা বলেন ।
আরও পড়ুন: পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতাসহ নিহত ২

তনুর বাবা ইয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তকারী কর্মকর্তা মিনহাজের সঙ্গে কথা বলেছেন, কারণ ঘটনার দিন মিনহাজ আমাদের বাসায় ছিল।

তনুর মৃত্যুর ৫০ দিনেও হত্যাকারী শনাক্ত না হওয়ায় মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তনুর বাবা। তিনি বলেন, মেয়ে হত্যার বিচার দেখে যেতে পারলে মনে শান্তি পেতাম। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি। আল্লাহ বিচার করবেন।

তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো. ইব্রাহিমের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন তার বাবা ইয়ার হোসেন।

/এনএস/এইচকে/আপ-এআর/